মঠবাড়িয়ায় বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস?
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উঠেছে। এ ঘটনায় গত রোববার অভিভাবকেরা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছেন।
বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৩ ডিসেম্বর তৃতীয় ও চতুর্থ শ্রেণির ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিরন কুমার রায় তাঁর কাছে প্রাইভেট পড়া শিক্ষার্থীদের কাছে ওই প্রশ্নপত্র ফাঁস করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি কয়েকজন শিক্ষার্থীর মাধ্যমে জানাজানি হলে তাঁরা রোববার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ অস্বীকার করে হিরন কুমার রায় বলেন, একই প্রশ্নপত্র দিয়ে বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। সেখান থেকে কেউ ওই প্রশ্নপত্র সংগ্রহ করতে পারেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এ ঘটনা প্রকাশ পেলে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ বছর বরিশাল থেকে আলাদা প্রশ্নপত্র এনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে। ৭ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়। ১৩ ডিসেম্বর ছিল ইংরেজি পরীক্ষা। ওই দিন প্রশ্নপত্র ফাঁসের খবর জানাজানি হলে অভিভাবকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে (ইউইও) জানান।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খাদিজা বেগম বলেন, ‘বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা এ আর এম মিজানুর রহমান বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে। এতে কোনো শিক্ষকের জড়িত থাকার প্রমাণ পেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।