মঠবাড়িয়ায় শিক্ষককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত সোমবার রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ফরিদ উদ্দিন (৭০) নামের অবসরে যাওয়া এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ফরিদ উদ্দিনের বাড়ি উপজেলার বেতমোর গ্রামে। তিনি বেতমোর আশরাফুল উলুম সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ফরিদ উদ্দিন বেতমোর গ্রামের আবদুল গণি হাওলাদার বাড়ি মসজিদে এশার নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো দা দিয়ে তাঁর মাথা ও শরীরে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পথচারীরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার চিকিৎসকেরা ফরিদ উদ্দিনকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদ উদ্দিনের মেয়ে লাকি আক্তার বলেন, বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল সকালে চিকিৎসকেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। জমি নিয়ে বিরোধের জের ধরে এই হামলা হতে পারে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফেরদৌস ইসলাম বলেন, ফরিদ উদ্দিনের মাথায় ও শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাঁকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাঁকে অন্যত্র পাঠানো হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।