মঠবাড়িয়ায় শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের ঠুটাখালী খাল থেকে গত সোমবার সন্ধ্যায় দুলাল পহলান (৩৮) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুলাল পহলান উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের আলী পহলানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পাঁচটার দিকে শিশুরা খেলা করার সময় ঠুটাখালী খালে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে। এরপর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় না পাওয়ায় পুলিশ বাদী হয়ে স্থানীয় থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করে। পরদিন মঙ্গলবার দুপুরে দুলাল পহলানের ছেলে মামুন পহলান থানায় এসে ছবি দেখে বাবার লাশ শনাক্ত করেন।

মামুন পহলান বলেন, ‘আমার বাবা নেছারাবাদ উপজেলার মাহামুদকাঠি গ্রামে কাঠের দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদের পরদিন তাঁর বাড়ি আসার কথা ছিল।’

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, হত্যার কারণ উদ্‌ঘাটনে পুলিশ চেষ্টা চালাচ্ছে।