মঠবাড়িয়ায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী খুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে রাবেয়া বেগম (৩২) নামের এক নারী খুন হয়েছেন। গত বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বড় শিংগা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর গ্রামবাসী রাবেয়া বেগমের সাবেক স্বামী মিন্টু সরদারকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুসহ মিন্টু সরদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহত রাবেয়ার বাবা আবদুল হালিম ফকির বাদী হয়ে মিন্টু সরদারকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক বেল্লাল হোসেনের কাছে মিন্টু হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দেন। এরপর বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
থানা-পুলিশ ও নিহত নারীর পারিবারিক সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর গ্রামের নাদের আলী সরদারের ছেলে মিন্টু সরদারের সঙ্গে তিন বছর আগে মঠবাড়িয়া উপজেলার বড় শিংগা গ্রামের আবদুল হালিম ফকিরের মেয়ে রাবেয়া বেগমের বিয়ে হয়। এটা রাবেয়ার দ্বিতীয় বিয়ে। ওই দম্পতির খাদিজা আক্তার নামের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে তাঁরা ঢাকায় বসবাস করতেন। মিন্টু সরদার মাদকসেবী ছিলেন। তিনি স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন। পাঁচ মাস আগে রাবেয়া স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে আসেন। এরপর মিন্টু স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। গত বুধবার রাত একটার দিকে রাবেয়া ঘরের বাইরে বের হন। এ সময় ওত পেতে থাকা মিন্টু সরদার রাবেয়ার বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যান। রাবেয়ার চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে রাত তিনটার দিকে তিনি মারা যান। ওই রাতে স্থানীয় গ্রামবাসী বড় শিংগা গ্রাম থেকে মিন্টু সরদারকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে গতকাল সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রাবেয়া বেগমের ভাই সলেমান ফকির বলেন, ‘গত ৫ সেপ্টেম্বর মিন্টু আমাদের বাড়িতে এসে আমার বোনকে ফিরিয়ে নিতে চেয়েছিল। আমার বোন রাজি না হওয়ায় মিন্টু ব্লেড দিয়ে তাঁর নিজের শরীর ক্ষতবিক্ষত করেছিল। সে একজন মাদকসেবী।’