ঝালকাঠি স্বেচ্ছাসেবক লীগ নেতার মাথা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মাসুদ সিকদার (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মাথা উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার বিষখালী নদীর রগুয়ারচর এলাকা থেকে মাথাটি উদ্ধার করা হয়।

মাসুদ সিকদারের বাড়ি উপজেলার পশ্চিম সিটকি গ্রামে। উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত মাসুদ আওরাবুনিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও নিহতের ছোট ভাই মামুন সিকদারের ভাষ্য, গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সাতানি বাজারের দোকান থেকে বাড়ি ফেরার পথে মাসুদ নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর তাঁকে না পেয়ে গতকাল রোববার স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর ছোট ভাই মামুন সিকদার। আজ সকালে বিষখালী নদীতে একটি মাথা ভাসতে দেখে লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মাথাটি উদ্ধার করে। এরপর মাসুদের ছোট ভাই মামুন মাথাটি শনাক্ত করেন। ময়নাতদ‌ন্তের জন্য মাথাটি ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মামুন সিকদারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে মাসুদকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন প্রথম আলোকে বলেন, তাঁদের ধারণা অপহরণের পর মাসুদকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে মাথাটি নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে।