মঠবাড়িয়ায় হত্যা মামলার প্রধান আসামি খুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শাহিন মিয়া হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হককে (৫০) কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হক উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত আয়নাল হক খলিফার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৬ মার্চ রাতে দক্ষিণ বড়মাছুয়া গ্রামের কাঞ্চন সরদারের ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য শাহিন মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। ওই মামলার প্রধান আসামি ছিলেন শাহিন মিয়ার ছোট বোন হোসনে আরার স্বামী নাজমুল হক। আজ সকালে নাজমুল হক দক্ষিণ বড়মাছুয়া গ্রামের শ্বশুরবাড়িতে গিয়ে শাহিন হত্যা মামলার সাক্ষীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন। কিন্তু শাহিনের পরিবারের সদস্যরা নাজমুলের প্রস্তাবে রাজি হননি। এ সময় নাজমুলের সঙ্গে শাহিনের ছোট ভাই তুহিন মিয়ার বাগ্বিতণ্ডা হয়। কথা-কাটকাটির একপর্যায়ে তুহিন মিয়া উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে বোনের স্বামী নাজমুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত নাজমুলের দুই স্ত্রী ও তিন ছেলে, এক মেয়ে রয়েছে।
নাজমুলের স্ত্রী হোসনে আরা বলেন, আজ সকালে নাজমুল হক মামলাটি মীমাংসার জন্য দক্ষিণ বড়মাছুয়া গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখানে সমঝোতা বৈঠক বসার আগেই নাজমুল শ্যালক তুহিনের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এরপর তুহিন নাজমুলকে কুপিয়ে হত্যা করেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফেরদৌস ইসলাম বলেন, নাজমুলকে বেলা একটার দিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। নিহত ব্যক্তির মাথাসহ শরীরে কয়েকটি ধারালো অস্ত্রের জখম রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নাজমুলকে তাঁর স্ত্রীর ছোট ভাই তুহিন কুপিয়ে হত্যা করেছেন। ঘটনার পর তুহিন পলাতক রয়েছেন। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।