মণিপুর স্কুলের ভেতরে-বাইরে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা হরতালে আজ সোমবার সকালে রাজধানীর মিরপুর ২ নম্বরে অবস্থিত মণিপুর হাইস্কুল অ্যান্ড কলেজের বালক শাখার ভেতরে ও ফটকের সামনের সড়কে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মনির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক মনির মণিপুর এলাকার স্থানীয় সমাজকল্যাণ মসজিদের ছাত্রশিবিরের নেতা। তাঁকে নিয়ে সমাজকল্যাণ মসজিদে অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে দুটি ব্যানার উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, সাড়ে ১০টার দিকে স্কুলের চতুর্থ পিরিয়ড চলছিল। এর কিছুক্ষণ পরই তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস ছুটি হওয়ার কথা। এ সময় সমাজকল্যাণ মসজিদ থেকে ২০-২৫ জন যুবক স্কুলের সামনে এসে ‘মীর কাসেমের মুক্তি চাই’ স্লোগান দিয়ে প্রথমে স্কুলের বাইরের সড়কে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে বাইরে থেকে স্কুলের ক্যাম্পাসের ভেতর একটি ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়। তবে কেউ হতাহত হয়নি। এ সময় প্রায় তিন হাজার ছাত্র ওই স্কুলে ক্লাস করছিল।

মণিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের বালক শাখার সকালের শিফটের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর মাহমুদ প্রথম আলোকে বলেন, স্কুলের ভেতর যে ককটেলটি বিস্ফোরিত হয়েছে, সেটি বেশ শক্তিশালী। অনেকগুলো স্প্লিন্টার ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটলে হতাহতের ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মঞ্জুর মাহমুদ জানান, স্কুলের শিক্ষাকার্যক্রম নভেম্বরের ২০ তারিখ পর্যন্ত চলবে। এ স্কুলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিএসসি) কেন্দ্র রয়েছে। পরীক্ষা শুরুর আগে সিলেবাস শেষ করতে হবে। তাই ক্লাস না নিয়ে উপায় নেই।

উল্লেখ্য, ২৩ নভেম্বর থেকে পিএসসি পরীক্ষা শুরুর কথা।

এদিকে মণিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন জানান, এ ঘটনার পর বিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এলাকায় পুলিশের টহল চলছে। স্কুলে সিসিটিভি রয়েছে। এগুলো দু-একদিনের মধ্যে চালু করা হবে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান জানান, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। যাঁকে আটক করা হয়েছে, তাঁকে নিয়ে আরও অভিযান চালানো হবে।