মতলব দক্ষিণে চার খামারির ২৮ গরু লুট
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চারজন খামারির ২৮টি গরু লুট হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার নাওভাঙা গ্রাম থেকে এসব গরু লুট করে নিয়ে যায় একদল ডাকাত। স্থানীয় লোকজন জানান, কোরবানির ঈদ উপলক্ষে চাহিদা বেড়ে যাওয়ায় ডাকাতেরা এ অপৎপরতা চালাচ্ছে ।
ওই এলাকার দুজন বাসিন্দা, ক্ষতিগ্রস্ত খামারি এবং মতলব দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ১৫-২০ জন দুর্বৃত্ত নাওভাঙা গ্রামে ঢুকে মোহন প্রধান, আবদুল হালিম, মহসিন ও মানিকের বাড়িতে এসে তাঁদের পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। পরে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের বাড়িসংলগ্ন খামার থেকে ২৮টি গরু লুট করে নিয়ে যায়। খামারি ও তাঁদের পরিবারের সদস্যদের চিৎকারে গ্রামের লোকেরা এগিয়ে এলে দুর্বৃত্তরা গরুসহ ট্রলারযোগে পালিয়ে যায়। মোহন প্রধান বলেন, ‘দুর্বৃত্তরা তাঁর চারটি, আবদুল হালিমের ছয়টি, মহসিনের ছয়টি ও মানিকের ১২টি গরু লুট করে নিয়ে যায়। তিনি দাবি করেন, বাজারে লুট হওয়া গরুগুলোর আনুমানিক দাম ১৬ লাখ টাকা।