মতলব দক্ষিণে সংঘর্ষ জাল ভোটের অভিযোগ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গতকাল শনিবার চার ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুটি ইউপিতে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুটি ইউপিতে পাঁচটি কেন্দ্র সকাল ১০টার পর ফাঁকা হয়ে যায়।
সকাল নয়টায় উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা যায়, কেন্দ্রের বাইরে ভোটারদের সারি। ভেতরে গিয়ে জানা যায়, ভোট গ্রহণ স্থগিত রয়েছে। প্রিসাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, আওয়ামী লীগের কর্মীরা জোর করে বেশ কিছু ব্যালট ছিনিয়ে নেন। পরে সেগুলো উদ্ধার করা হয়। দুই ঘণ্টা স্থগিত রাখার পর ভোট গ্রহণ চালু হয়।
ইউনিয়নের বহুরী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল ১০টায় দেখা যায়, সেখানে ভোটার নেই। বাইরে কিছুসংখ্যক পুলিশ ও আনসার সদস্য দাঁড়িয়ে আছেন। ভেতরে প্রিসাইডিং কর্মকর্তা তাঁর কক্ষে শুয়ে আছেন। প্রিসাইডিং কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, সেখানে ভোটার ১ হাজার ৭৩০। সকাল ১০টার মধ্যে ভোট পড়েছে প্রায় ১ হাজার। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা লোকমান হোসেন বেপারি বলেন, সেখানে আগেই ভোট হয়ে গেছে। এখনো ভোট চলছে। তবে ভোটার নেই।
ইউনিয়নের বহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল সাড়ে ১০টায় দেখা যায়, সেখানেও ভোটার নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কেন্দ্রের নির্বাচন-সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের প্রার্থীর লোকেরা সকাল নয়টার মধ্যেই কেন্দ্র দখল করে ভোট জালিয়াতি করেছেন। সেখানে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মিয়াজী অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মীরা ওই দুই কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে নৌকা মার্কায় সিল মারেন। তবে আওয়ামী লীগের প্রার্থী মো. শহীদ উল্লাহ প্রধান দাবি করেন, সেখানে এ রকম কিছু হয়নি।
বেলা ১১টায় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর মাদ্রাসা ভোটকেন্দ্রে দেখা যায়, কেন্দ্রের বাইরে ফাঁকা। একটি কক্ষে ১০-১২ জন নির্বাচন কর্মকর্তা চুপচাপ বসে আছেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সফিকুল আলম বলেন, আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে কেন্দ্রের বাইরে সংঘর্ষ হয়। দুই পক্ষের কর্মীরাই কেন্দ্র দখলের জন্য কেন্দ্রের ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। পুলিশ দুটি ফাঁকা গুলি ছুড়লে কর্মীরা ছত্রভঙ্গ হন। ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, দুই ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পর বেলা একটায় পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। এ ঘটনার জন্য আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুস সালাম মৃধা ওরফে মামুন ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী মজিদ তালুকদার পরস্পরকে দোষারোপ করেন।
বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের আশ্বিনপুর ও নায়েরগাঁও উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে কোনো ভোটার দেখা যায়নি। আশ্বিনপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সমীরণ চন্দ্র ও নায়েরগাঁও উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল বারেক দাবি করেন, তাঁদের কেন্দ্রে সকালে অনেক ভোট পড়েছে। পরে ভোটাররা আসবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম বলেন, কয়েকটি কেন্দ্রে কিছু ঘটনা ঘটলেও সবকিছু মিলে সুষ্ঠু নির্বাচন হয়েছে।