মতলব দক্ষিণে সেই তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত
এসএসসি পরীক্ষার্থীদের নকল সরবরাহের চেষ্টার দায়ে কারাদণ্ড পাওয়া চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ জে বি
পাইলট উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত রোববার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন শরীরচর্চার আবদুল আউয়াল, সমাজবিজ্ঞানের জানিবুল হক ও হিসাববিজ্ঞানের প্রদীপ চন্দ্র সাহা।
মতলবগঞ্জ জে বি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহানউদ্দিন বলেন, পরীক্ষার্থীদের নকল সরবরাহের চেষ্টার দায়ে কারাদণ্ড পাওয়ায় ওই তিন সহকারী শিক্ষককে ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরিবিধি অনুসারে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি এসএসসির ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষার সময় পরীক্ষার্থীদের নৈর্ব্যত্তিক প্রশ্নের উত্তর সরবরাহের চেষ্টা করলে ওই তিন শিক্ষককে হাতেনাতে ধরে ফেলেন চাঁদপুর জেলা প্রশাসনের এনডিসি রাজিবুল ইসলাম খান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
২৮ ফেব্রুয়ারি প্রথম আলোর বিশাল বাংলায় ‘নকল সরবরাহ করায় সাজা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।