মতলবে আটটি অবৈধ অটোরিকশার স্ট্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব পৌর শহরের কয়েকটি সড়কের ওপর গড়ে উঠেছে আটটি অবৈধ অটোরিকশাস্ট্যান্ড। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পথচারীদের যাতায়াতে ভোগান্তি হচ্ছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
২১ জুলাই সরেজমিনে দেখা যায়, পৌর শহরের ডিগ্রি কলেজ গেট এলাকায় একটি, ম্যাক্সিস্ট্যান্ড এলাকায় দুটি, পশু হাসপাতালের মোড়ে একটি, মতলব জেবি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে একটি, পূর্ব কলাদী সড়কে একটি ও রিকশাস্ট্যান্ড এলাকায় দুটি অবৈধ অটোরিকশাস্ট্যান্ড রয়েছে। এসব এলাকায় প্রতিটি সড়কের অর্ধেক জায়গা দখল করে আছে সারি সারি অটোরিকশা। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ লোকজন ঝুঁকি নিয়ে এসব এলাকা দিয়ে আসা-যাওয়া করছেন।
স্থানীয় কচি-কাঁচা প্রি-ক্যাডেট বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. নয়ন বলে, ‘রাস্তার ওপর গাড়ি থাওনে বাড়ি থেকে স্কুলে আসা-যাওয়ায় খুব সমস্যা হয়। মাঝে মাঝে শরীরের সঙ্গেও গাড়ির ধাক্কা লাগে। এগুলি রাস্তা থেকে সরায় না ক্যান?’
মতলব পৌরসভার মেয়র এনামুল হক বলেন, ‘অটোরিকশাস্ট্যান্ডের জায়গা চেয়ে উপজেলা পরিষদের কাছে আবেদন করেছিলাম। পরিষদ জায়গা দেয়নি। এ জন্য নিরাপদ স্থানে বৈধ অটোরিকশাস্ট্যান্ড করা সম্ভব হচ্ছে না।’