মতলবে কলেজে হামলা, ভাঙচুর শিক্ষকেরা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার ফরম পূরণে ব্যর্থ হয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজ ভবন এবং শিক্ষকের বাসায় হামলা ও ভাঙচুর করেছে।
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা গতকাল শনিবার বেলা তিনটায় এ হামলা চালায়। এতে আহত হন এক শিক্ষক। তারা কলেজের উপাধ্যক্ষসহ শিক্ষকদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। গতকাল ছিল ফরম পূরণের শেষ দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় প্রায় ২০০ শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। তারা তাদের দাবি মেনে নেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে এবং স্লোগান দিতে থাকে।
একপর্যায়ে তারা কলেজের উপাধ্যক্ষ আসাদুর রহমানসহ ৩০-৩৫ জন শিক্ষককে তাঁদের কক্ষে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সহায়তায় শিক্ষকেরা মুক্ত হন। অধ্যক্ষ আবদুস সামাদ এ সময় উপস্থিত ছিলেন না।
বেলা তিনটায় শিক্ষার্থীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে কলেজের একাডেমি ভবন এবং ভূগোল বিভাগের প্রদর্শক অশোক কুমার রায়ের বাসায় হামলা চালিয়ে জানালা-দরজা এবং আসবাব ভাঙচুর করে।
হামলায় আহত হন অশোক কুমার রায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শিক্ষককে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে দ্বাদশ শ্রেণির চার-পাঁচজন শিক্ষার্থী বলে, হঠাৎ করে এ বছর তাদের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ না দেওয়া অযৌক্তিক। এ জন্য তারা হামলা চালিয়েছে।
কলেজের উপাধ্যক্ষ আসাদুর রহমান বলেন, পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনী পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্যদের মধ্যে যারা ন্যূনতম ১০ নম্বর পেয়েছে, তাদের ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, দুই বিষয়ে অকৃতকার্যদের মধ্যে যারা দুটি বিষয়েই কমপক্ষে ২৫ নম্বর পেয়েছে, তারাও এ সুযোগ পেয়েছে। বেশির ভাগ শিক্ষার্থী ফরম পূরণ করতে পেরেছে। তার পরও এ হামলা চালানো হয়েছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।