মতলবে কৃষক লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক, উপজেলার ঢাকিরগাঁও গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদের বিরুদ্ধে জোরপূর্বক চাচার জমি দখল এবং চাচাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৩১ অক্টোবর চাচা আবদুর রহিম ব্যাপারী থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
রহিম ব্যাপারী অভিযোগে বলেন, ১৯৭৮ সালে তিনি বসতঘরসংলগ্ন সাড়ে ২২ শতাংশ জমি কেনেন। গত ৩৬ বছরেরও বেশি সময় ধরে এ জায়গা ভোগদখল করে আসছেন। নিয়মিত ভূমিকরও পরিশোধ করছেন। জমির দখলস্বত্ব টিকিয়ে রাখতে ২০১১ সালের নভেম্বরে চাঁদপুর বিচারিক হাকিমের আদালতে ১৪৫ ধারায় মামলা করেন।
সাক্ষীদের আদালতে হাজির হতে না দেওয়ায় গত ১ অক্টোবর মামলাটি খারিজ হলে ওই দিনই চাঁদপুর জজ আদালতে আপিল করেন।
গত ৩১ অক্টোবর ভোরে নূর মোহাম্মদ তাঁর চার ভাই, চার ভগ্নিপতিসহ লোকজন নিয়ে ওই সাড়ে ২২ শতাংশ জমির মধ্যে ১২ শতাংশ জোরপূর্বক দখল করে বেড়া দিয়ে ঘিরে ফেলেন। এতে বাধা দিতে গেলে লাঠিসোঁটা ও অস্ত্র দেখিয়ে তাঁদের ঘরে জিম্মি করে রাখেন। দখলকারীরা ওই সাড়ে ২২ শতাংশ জমিতে লাগানো ছোট-বড় দুই শতাধিক গাছ কেটে নেন। আবদুর রহিমের বড় ছেলে রেজাউল করিম অভিযোগ করেন, নূর মোহাম্মদ এবং তাঁর লোকজন নানাভাবে তাঁদের পরিবারের সবাইকে হত্যার হুমকি দিচ্ছেন। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
সাক্ষীদের আদালতে হাজির হতে না দেওয়ার অভিযোগ অস্বীকার করে নূর মোহাম্মদ বলেন, তিনি খরিদসূত্রে ওই জায়গার মালিক; এ জন্য দখল করেছেন। আদালতে আপিল করার বিষয়টি তিনি জানেন না। আর কাউকে হুমকিও দেননি। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শান্তি ভঙ্গ না করার জন্য উভয় পক্ষকে বলা হয়েছে। হুমকির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’