মতলবে খাল দখল করে অবৈধ স্থাপনা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি খালের বেশ কিছু অংশ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন স্থানীয় লোকজন। এতে খালটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের পশ্চিম পাশে অবস্থিত খালটির দৈর্ঘ্য ১২ কিলোমিটার। স্থানীয়ভাবে এটি রাঢ়ির খাল হিসেবে পরিচিত। এটি ১ নম্বর খতিয়ানভুক্ত ও মোবারকদি-বরদিয়া মৌজার অন্তর্ভুক্ত।
গত বৃহস্পতিবার মুন্সীরহাট ও বাবুরহাট বাজার এলাকায় গিয়ে দেখা যায়, দুই বাজারের পশ্চিম পাশে দুই কিলোমিটার এলাকাজুড়ে ওই খালের একাংশ ভরাট করে অবৈধভাবে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। কেউ কেউ খালের মাঝখানে পিলার (স্তম্ভ) পুঁতে দোকান নির্মাণ করেছেন। ৩০ ফুট প্রস্থের ওই খালটির ২০ ফুটই বেদখল হয়ে গেছে। এতে খালের পানিপ্রবাহ বন্ধপ্রায়।
মুন্সীরহাট বাজারসংলগ্ন খালপাড়ের দোকানি মাসুদ মিয়ার দাবি, জেলা পরিষদ থেকে ইজারা নিয়ে দোকান করেছেন। তবে অনেকে অবৈধভাবেও দোকান নির্মাণ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহান ইসলাম বলেন, ওই খালে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাবেন। পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক আরেফিন বাদল জানান, খাল দখল বা ভরাট হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এতে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে। খাল দখল-ভরাট করা পরিবেশ আইনের লঙ্ঘন।
চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল জানান, কিছু ব্যক্তি ওই খালের পাড় ইজারা নিয়েছেন। অবৈধভাবে যাঁরা খাল বা খালপাড় দখল করে দোকান তুলেছেন, তাঁদের আইনের আওতায় আনা হবে।