মতলবে চাঁদা না পেয়ে ইটভাটায় হামলা, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না পেয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সিএসবি নামের একটি ইটভাটায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। এ সময় দুই লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত আটটায় ১৫-২০ জন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে ইটভাটায় প্রবেশ করে ভাটার ব্যবস্থাপক মাসুদ মিয়ার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। রাজি না হওয়ায় ব্যবস্থাপকসহ সেখানে কর্মরত লোকজনের ওপর হামলা চালান। এতে আহত হন আবুল কালাম (৪৭), শিপন মিয়া (২৮), হারুন (৩৭), আবুল খায়ের (৪৮), আউয়াল (৪০), ফজলুল হক (৩৯) ও ব্যবস্থাপক মাসুদ মিয়া (৪০)। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তাঁরা ব্যবস্থাপকের কাছ থেকে নগদ টাকাসহ জিনিসপত্র লুট করে। আহত ব্যক্তিদের মধ্যে কালাম, শিপন মিয়া ও হারুনকে শুক্রবার রাতেই মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভাটার মালিক বিল্লাল হোসেন বলেন, কয়েক দিন ধরেই দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে চাঁদা চেয়ে আসছিল। রাজি না হওয়ায় এ হামলা চালিয়ে তাঁরা দুই লাখ টাকা ছিনিয়ে নেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে ২০ জনকে আসামি করে থানায় মামলা করেন। আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।