মতলবে ছাত্রীকে চড় মারল বখাটে
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে এক বখাটে চড় মেরেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার রূপসীপল্লি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ছাত্রী বুধবার রাতে মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করে।
ওই ছাত্রী দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করে। ওই বখাটের নাম মো. সজীব। তার বাড়ি উপজেলার রূপসীপল্লি এলাকায়।
পুলিশ, ছাত্রীর লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় সজীব। এতে রাজি না হওয়ায় তখন থেকেই কলেজে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করছে সে। বিষয়টি সজীবের অভিভাবককে জানিয়েও কোনো ফল হয়নি। বুধবার স্থানীয় একটি কলেজের এক শিক্ষকের কাছে কোচিং পড়ে ছাত্রীটি বাড়ি যাচ্ছিল। বিকেল চারটায় রূপসীপল্লি এলাকায় পৌঁছালে ওই বখাটে পথরোধ করে তাকে গালাগাল করে। এর প্রতিবাদ করলে ওই বখাটে ছাত্রীর গালে দুই-তিনটি চড় মারে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।
ওই ছাত্রীর অভিযোগ, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দুই বছর ধরে ওই ছেলে তাকে উত্ত্যক্ত করছে। তাকে একাধিকবার সে মুঠোফোনে এবং সামনে এসে হুমকিও দিয়েছে। এ কারণে সে (ছাত্রী) এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে কথা বলার জন্য সজীবের মুঠোফোনে গতকাল বেশ কয়েকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন বলেন, এ ব্যাপারে ছাত্রীর লিখিত অভিযোগ পেয়েছেন। ওই বখাটেকে আটকের চেষ্টা চলছে।