মতলবে তরুণীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণী গত শনিবার রাতে পাঁচ তরুণকে আসামি করে থানায় একটি মামলা করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণী গত ২৯ জুন রাত দেড়টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় ওত পেতে থাকা মধ্য নাগদা গ্রামের বখাটে তরুণ আমজাদ হোসেনসহ (২৫) চার-পাঁচজন দুর্বৃত্ত কাপড় দিয়ে তাঁর মুখ চেপে ধরে ও গ্রামের একটি নির্জন চালের কল (রাইস মিল) ঘরে নিয়ে যায়। সেখানে তারা রাতভর ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। গত ৩০ জুন সকালে ওই তরুণীর পরিবারের লোকজন সেখান থেকে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বিষয়টি গ্রামের পঞ্চায়েতকে জানালে তাঁরা মীমাংসার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেন। বিচার না পেয়ে ওই তরুণী গ্রামের আমজাদ, আরিফ, শাহাবউদ্দিন, আলামীন ও মো. মালুকে আসামি করে থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।
ওই মামলার তদন্ত কর্মকর্তা ও মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য ওই তরুণীকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। থানার ওসি মো. কবির হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।