মতলবে দুর্বৃত্তের হামলায় ট্রলারের বাবুর্চি খুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুর্বৃত্তের হামলায় বালু উত্তোলনের একটি ট্রলারের এক বাবুর্চি খুন হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলার বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যক্তির নাম মো. রাসেল প্রধান (৩৮)। বাড়ি উপজেলার হানিরপাড় গ্রামে। তাঁর বাবার নাম মৃত রমজান আলী প্রধান। রাসেল মেঘনা নদীতে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ‘আনিকা’ নামে একটি ট্রলারে বাবুর্চির কাজ করতেন। ওই ট্রলারের মালিক সোলেমান মিয়ার বাড়ি উপজেলার দশানী গ্রামে।
পুলিশ জানায়, আজ সকাল সাড়ে দশটায় ওই ট্রলারে করে ড্রেজারের মাধ্যমে পাঁচ-ছয়জন শ্রমিক মেঘনার বাহাদুরপুর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। সে সময় ওই ট্রলারের বাবুর্চি রাসেল রান্না করছিলেন। হঠাৎ অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত অন্য একটি ট্রলারে করে সেখানে আসে এবং বালু উত্তোলনের ওই ট্রলারটি ঘিরে ফেলে। দুর্বৃত্তরা ট্রলারে ঢুকেই ওই বালুশ্রমিকদের ওপর হামলা চালায়। তারা (দুর্বৃত্ত) লাঠিসোঁটা ও রড দিয়ে বাবুর্চি রাসেলসহ অন্য শ্রমিকদের এলোপাতাড়ি পেটাতে থাকে। এ সময় শ্রমিকেরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেলেও রাসেল পালাতে পারেননি। হামলায় রাসেল গুরুতর আহত হন। তাঁর মাথা, বুক, পিঠ ও মুখমণ্ডল রক্তাক্ত জখম হয়। রাসেল ও বালুশ্রমিকদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। বেলা সাড়ে ১১টায় গুরুতর আহত রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাসেলের ভাই আবুল বাশার বলেন, স্থানীয় প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাঁর ভাইকে খুন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে বের করা হবে। ময়নাতদন্তের জন্য নিহত ওই ব্যক্তির লাশ আজ দুপুরে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।