মতলবে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে ধরা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া এক স্কুলছাত্রীকে দ্বিতীয় বিয়ে করতে গিয়েছিলেন এক ব্যক্তি। খবর পেয়ে প্রথম স্ত্রী হাজির হন কনের বাড়িতে। ধরা পড়ে যায় ওই ব্যক্তির প্রতারণা। আগের বিয়ের কথা গোপন করে প্রতারণা করায় স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে উত্তমমধ্যম দিয়েছে। পরে মুচলেকা ও জরিমানা দিয়ে রক্ষা পান তিনি।
ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙা গ্রামে গত সোমবার সন্ধ্যায়। বিয়ে করতে আসা ওই ব্যক্তির নাম নাজমুল আলম (৩০)। তাঁর বাড়ি উপজেলার পেয়ারীখোলা গ্রামে। সাত বছর আগে মাহমুদা আক্তার নামে একই গ্রামের এক মেয়েকে বিয়ে করেন তিনি। তাঁদের সংসারে পাঁচ বছর বয়সী একটি ছেলে আছে।
ওই সূত্র জানায়, গত সোমবার সন্ধ্যা সাতটায় নাজমুল তাঁর কয়েকজন ঘনিষ্ঠ লোক নিয়ে উপজেলার একটি গ্রামে এক স্কুলছাত্রীকে বিয়ে করতে যান। ওই ছাত্রী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। স্বামী দ্বিতীয় বিয়ে করতে গেছেন—এ খবর পেয়ে মাহমুদা আক্তার সন্ধ্যায় ওই ছাত্রীর বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান তাঁর স্বামী বর সেজে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে তাঁর সঙ্গে নাজমুলের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে মাহমুদা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। তাঁরা মাহমুদার কাছে ঘটনা শুনে ক্ষুব্ধ হয়ে নাজমুলকে ওই বাড়ির একটি ঘরে আটকে রেখে গণপিটুনি দেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সেখানে সালিস বৈঠক বসে। সালিসে নাজমুলকে তাঁর স্ত্রীর হাতে তুলে দেওয়া হয় এবং তাঁর (নাজমুল) কাছ থেকে ৩০ হাজার টাকার জরিমানা আদায় করা হয়। পরে দ্বিতীয় বিয়ে না করার মুচলেকা আদায় করে তাঁকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়।
নাজমুল আলম বলেন, তাঁর ভুল হয়ে গেছে। ভবিষ্যতে এমন কাজ আর করবেন না। ওই স্কুলছাত্রীর বাবা বলেন, নাজমুল আগের বিয়ের কথা গোপন করে তাঁর মেয়েকে বিয়ে করতে চেয়েছেন। এটি একটি প্রতারণা। ভবিষ্যতে বুঝেশুনে মেয়েকে বিয়ে দেবেন।
উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্যাহ প্রধান বলেন, ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন বলেন, এ বিষয়ে তাঁকে কেউ কিছু জানায়নি।