মতলবে নারী খুন, ঈশ্বরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত রোববার রাতে এক গৃহবধূ তাঁর শাশুড়িকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গতকাল সোমবার ঝুমা (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব রায়েরদিয়া গ্রামের শামসুন্নাহারকে (৭০) হত্যার অভিযোগে তাঁর পুত্রবধূ খালেদা আক্তারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামসুন্নাহারের ছেলে ছোলেমান প্রধান সৌদিপ্রবাসী। তাঁর পুত্রবধূ খালেদা তাঁর সঙ্গেই থাকতেন। ছোলেমান বিদেশে থাকায় খালেদা এক যুবকের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এতে বাধা দেওয়ায় রোববার বিকেলে খালেদা তাঁর শাশুড়ির মাথায় শিলনোড়া দিয়ে আঘাত করলে তাঁর মাথা ফেটে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনায় নিহত ব্যক্তির মেয়ে রেহানা বেগম গত রোববার রাতে মতলব উত্তর থানায় খালেদাকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, খালেদা আক্তারকে গত রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃদ্ধার লাশ রোববার রাতে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার পুলিশ গতকাল সোমবার উপজেলার বাঘবেড় গ্রাম থেকে রুকন মিয়ার স্ত্রী ঝুমা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলার বাঘবেড় গ্রামের আবদুল আজিজের ছেলে রুকন মিয়ার সঙ্গে তিন বছর আগে ঝুমার বিয়ে হয়।