মতলবে নোটিশ পেয়েও সরেনি ভেল জাল, চলছে মাছ শিকার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আইন অমান্য করে বেশ কয়েকটি খাল, বিল ও নদীতে বাঁশের স্থাপনা গেড়ে ভেসাল (ভেল) জাল দিয়ে ব্যাপক হারে দেশি জাতের মাছ শিকারের অভিযোগ উঠেছে। স্থানীয় মৎস্য বিভাগ সংশ্লিষ্ট জেলেদের নোটিশ দেওয়া সত্ত্বেও ওই স্থাপনা-জাল সরাননি। গতকাল বৃহস্পতিবার নোটিশে বেঁধে দেওয়া সময় শেষ হয়।
জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার জানান, ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, নদী, খাল বা প্রবহমান স্রোতোধারায় বেড়া, বাঁধ বা অন্য কোনো স্থায়ী-অস্থায়ী স্থাপনা দিয়ে সেখানে জাল পেতে মাছ শিকার করা দণ্ডনীয় অপরাধ।
ফারহানা আকতার আরও জানান, এক থেকে দেড় মাস ধরে তাঁর উপজেলার বেশ কয়েকটি খাল, বিল ও নদীতে আড়াআড়িভাবে বাঁশের স্থাপনা গেড়ে সেখানে ভেসাল জাল পেতে জেলেরা দেশি জাতের মাছ ধরছেন। এসব স্থাপনা-জাল সরাতে ৭ জুলাই উপজেলার ১৫০ জেলেকে নোটিশ দেওয়া হয়। আরও কিছু জেলেকে ওই নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে। নোটিশপ্রাপ্তির ১০ দিনের মধ্যে এগুলো সরাতে নির্দেশনা দেওয়া হয় তাঁদের। গতকাল ওই সময় শেষ হয়। যাঁরা এখনো স্থাপনা-জাল সরাননি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চালানো হবে উচ্ছেদ-অভিযান।
আজ শুক্রবার ঘুরে দেখা গেছে, উপজেলার চরপাথালিয়া, নলুয়া, দিঘলদী, বরদিয়া, ধনারপাড়, বাইশপুর, করবন্দ, নাগদা, নারায়ণপুর ও চরমুকুন্দি এলাকার বেশ কয়েকটি খাল ও বিলে এবং ধনাগোদা নদীতে আড়াআড়িভাবে দুই শতাধিক বাঁশের স্থাপনা পাতা হয়েছে। সেখানে ভেসাল জাল পেতে জেলেরা দেদারসে মাছ ধরছেন। বজুরি, মলা, পুঁটি, কই, শিং, পাবদা, পাঙাস, আইড়, বেলে, ট্যাংরাসহ আরও নানা দেশি জাতের মাছ ধরছেন তাঁরা।
স্থানীয় ব্যক্তিরা জানান, প্রশাসনের চোখ এড়াতে মাঝেমধ্যে জাল পেতে জেলেরা নিরাপদ স্থানে চলে যান। পরে সুযোগমতো জাল টেনে মাছ ধরেন। প্রতিদিন প্রতিটি জালে ১৪ থেকে ১৫ কেজি করে মাছ শিকার হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে নলুয়া ও বরদিয়া এলাকার দুজন জেলে বলেন, ‘ভেসাল জাল পাইতা ভালো মাছ ধরতাছি। দিনে তিন-চারবার কইরা জাল টান দেই। প্রতিবার প্রতি জালে তিন থেকে সাড়ে তিন কেজি কইরা মাছ পাই। এ ব্যাপারে একটা নোটিশ পাইলেও জাল সরাই নাই। টেয়াপয়সা খরচ কইরা বেড়া ও জাল বানাইছি। মাছ না ধরলে খরচের টেয়া উঠামু কেমনে।’
উপজেলার বরদিয়া এলাকার শিক্ষক মো. কামাল হোসেন অভিযোগ করেন, তাঁর এলাকার খাল-বিলগুলোয় ভেসাল জাল পেতে জেলেরা নির্বিচারে দেশি জাতের মাছ শিকার করছেন। মাছ ছাড়াও জালে ব্যাঙ, কুচিয়া, সাপ, কচ্ছপসহ নানা প্রজাতির জলজ প্রাণী ধরা পড়ছে। এতে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। হুমকিতে রয়েছে জলজ জীববৈচিত্র্য। জাল ও স্থাপনায় কচুরিপানা আটকে খাল-নদীতে পানির প্রবাহ ব্যাহত হচ্ছে। পানিও দূষিত হচ্ছে। স্থানীয় মৎস্য বিভাগকে একাধিকবার বলা হলেও এসব স্থাপনা-জাল সরানো হচ্ছে না।