মতলবে নয় দিনে পাঁচ বাল্যবিবাহ
চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপ সত্ত্বেও বাল্যবিবাহ বন্ধ হচ্ছে না। ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত দুই উপজেলায় পাঁচটি বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। এতে ভ্রাম্যমাণ আদালত নয়জনকে কারাদণ্ড দেন।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে উপজেলার লুধুয়া গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে সুজাতপুর গ্রামের ইলিয়াছ মিয়ার (২৭) বিয়ে হচ্ছিল। ইউএনও পুলিশ পাঠিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করলেও রাতে ছাত্রীকে বিয়ে দেওয়া হয়। এ ঘটনায় বর ও কাজিকে ১৫ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
১ অক্টোবর সন্ধ্যায় ওই গ্রামের ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে গাজীপুর গ্রামের হবু মোল্লার (২৫) বিয়ে হচ্ছিল। ইউএনও পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করে দিলেও রাত নয়টায় মেয়েটির বিয়ে হয়। বাল্যবিবাহের দায়ে মেয়ের মা আকলিমা বেগম ও ভাই হারুনুর রশিদকে ভ্রাম্যমাণ আদালত এক মাস করে কারাদণ্ড দেন।
এ ছাড়া গত বুধবার রাতে ইউএনওর নির্দেশ অমান্য করে একই উপজেলার মান্দারতলী গ্রামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে উপজেলার কৃষ্ণপুর গ্রামের জামাল হোসেনের (২৭) বিয়ে হয়। ছাত্রীর মা আয়েশা বেগম, বর জামাল হোসেন, তাঁর ভাই কামাল হোসেন ও কাজি মোহাম্মদ হোসেনকে দুই মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তিনটি আদালতই পরিচালনা করেন মতলব উত্তরের ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম।
মতলব দক্ষিণ ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘোড়াধারী গ্রামের ১২ বছর বয়সী এক শিশুর বিয়ে হচ্ছিল। ইউএনওর নির্দেশে তাৎক্ষণিক বিয়ে বন্ধ হলেও রাতে ওই মেয়ের বিয়ে হয়। এ ঘটনায় তার বাবাকে তিন দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। এ ছাড়া গত শুক্রবার বিকেলে উপজেলার বাইশপুর গ্রামে শিফি আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করেন এসি ল্যান্ড। এরপরও রাতে ওই ছাত্রীর বিয়ে হয়।
মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী গ্রামের কৃষক সুলতান খান বলেন, ‘অভাবের সংসার। মেয়েরে লেহাপড়া করানের সামর্থ্য নাই। ভালো পাত্র পাইয়া বিয়া দিছি।’
বাল্যবিবাহের শিকার মতলব উত্তর উপজেলার এক স্কুলছাত্রী বলে, ‘আমারে জোর কইরা বিয়া দিছে। এহন আর আমার লেহাপড়া অইব না।’
মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সোহেল আহম্মেদ বলেন, শিক্ষকদের না জানিয়েই ছাত্রীদের গোপনে বাল্যবিবাহ দেওয়া হয়। দরিদ্রতা ও পিতামাতার সচেতনতার অভাবে এমনটি হচ্ছে।
মতলব উত্তরের ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, ‘বাল্যবিবাহের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবুও এসব বন্ধ হচ্ছে না।’ মতলব দক্ষিণের ইউএনও ফারহানা ইসলাম বলেন, প্রশাসনের তৎপরতা সত্ত্বেও গোপনে বাল্যবিবাহ হচ্ছেই।