মতলবে পেট্রল ঢেলে ঘরে অগ্নিসংযোগ, দুটি গরুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক ব্যক্তির দুটি গোয়ালঘর ও একটি বসতঘরে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার উপজেলার বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ হয়ে অস্ট্রেলিয়ান জাতের দুটি গরু মারা যায়।
ওই গ্রামের দুজন বাসিন্দা বলেন, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওই গ্রামের মোশারফ হোসেন পাটোয়ারির বাড়িতে ঢোকে। দুর্বৃত্তরা তাঁর দুটি গোয়ালঘর ও একটি বসতঘরে পেট্রল ঢেলে সেখানে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে ওই ব্যক্তির তিনটি ঘর পুড়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে গোয়ালঘরে রাখা অস্ট্রেলিয়ান জাতের দুটি গরু মারা যায়। ঝলসে যায় দুটি ছাগলের শরীর। রাত তিনটায় ওই বাড়ির লোকেরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুবউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রস্তুতি চলছে।