মতলবে প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর বড় ভাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্থানীয় থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অনেক দিন ধরেই ওই নারীকে (৩০) নানাভাবে উত্ত্যক্ত করছেন উপজেলার বেগমপুর গ্রামের জাকির হোসেন (৪০)। মঙ্গলবার রাতে তিনি তাঁর ঘরে একা ঘুমাচ্ছিলেন। আনুমানিক ১০টায় দরজা ভেঙে জাকির ওই তরুণীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে জাকির পালিয়ে যান। বাড়ির লোকজন মঙ্গলবার রাতেই মুঠোফোনে বিষয়টি ওই নারীর মা ও বড় ভাইকে জানান। তাঁরা ঘটনার সময় ঢাকায় ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই জাকির পলাতক। তাঁর মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে তাঁর বাবার সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে গতকাল চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জাকির হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।