মতলবে প্রভাতফেরিতে শিক্ষকের ওপর হামলা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাতফেরিতে এক স্কুলশিক্ষকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
আহত শিক্ষকের নাম ইব্রাহীম সরকার। তিনি উপজেলার লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের শিক্ষক।
বিদ্যালয়ের দুজন শিক্ষক এবং পাঁচ-ছয়জন শিক্ষার্থী বলেন, বিদ্যালয় থেকে কাল আটটায় শিক্ষক-শিক্ষার্থীরা প্রভাতফেরি করে উপজেলার তুষপুর গ্রাম পর্যন্ত যান। সেখান থেকে বিদ্যালয়ে ফিরছিলেন তাঁরা। সকাল নয়টায় তাঁরা বিদ্যালয়সংলগ্ন শিবপুর গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে এক রিকশাচালক প্রভাতফেরির মাঝখান দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন।
এ সময় ইব্রাহীম সরকার ওই রিকশা থামিয়ে দেন। ওই রিকশাচালককে অন্য পথ দিয়ে যাওয়ার অনুরোধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ইব্রাহীম সরকার অন্য শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে একটু দূরে ছিলেন। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা শিবপুর গ্রামের তুহিন সরকার, বাবু সরকার, মো. সাঈদ ও রবি ওই রিকশাচালকের পক্ষ নেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে তাঁরা শিক্ষকের গালে, মুখে ও বুকে কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে দৌড়ে পালিয়ে যান। সহকর্মীরা আহত শিক্ষককে স্থানীয় একটি ওষুধের দোকানে নিয়ে যান। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হামলার ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। তাঁরা হামলাকারীদের বিচার দাবি করে বিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেন। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নারায়ণপুর-আলিয়ারা সড়কের ঘোড়াধারী মোড়ে অবস্থান নেন ও সড়ক অবরোধ করে রাখেন। পরে স্থানীয় লোকজন এবং পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
শিক্ষক ইব্রাহীম সরকার বলেন, এ ঘটনাটি পূর্বপরিকল্পিত। এর পেছনে কী কারণ আছে, তা জানেন না। তিনি এর বিচার চান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছিরউদ্দিন বলেন, বিষয়টি স্থানীয় লোকজন ও পুলিশকে জানানো হয়েছে। এর সুষ্ঠু বিচার না হলে তিনি মামলা করবেন।
অভিযোগের ব্যাপারে তুহিন সরকার ও তাঁর সহযোগীদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন বলেন, তিনি হামলার ঘটনা জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।