মতলবে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক ব্যবসায়ীকে দা দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত সোমবার উপজেলার দাশের আড়ং এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই ব্যবসায়ীর নাম আবদুল মতিন (৪০)। তাঁর বাড়ি উপজেলার কোয়রকান্দি গ্রামে। তিনি উপজেলার দাশের আড়ং বাজারে কাপড়ের ব্যবসা করেন।
ওই এলাকার তিন-চারজন বাসিন্দা বলেন, গত সোমবার রাত ১১টায় মো. সানাউল্লা নামের এক ব্যক্তি কয়েকজনকে নিয়ে ওই ব্যবসায়ীর দোকানে আসে। সেখানে বসে ব্যবসাসংক্রান্ত আলোচনার পর কৌশলে মতিনকে তারা পাশের একটি নির্জন রাস্তায় নিয়ে যায়। সেখানে নেওয়ার পর তারা তাঁর (মতিন) গলা, মাথা, পিঠ ও বুকে দা দিয়ে কোপায়। এতে তিনি আহত হন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকেরা ওই রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
মতিনের আত্মীয় ও দাশের আড়ং বাজারের দোকানি আহসান উল্লাহ বলেন, ব্যবসাসংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। মতলব উত্তর থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়নি।