সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নদী ও খালগুলোয় চলতি প্রজনন মৌসুমে জেলেরা ভেল (ভেসাল) জাল পেতে অবাধে দেশীয় প্রজাতির ডিমওয়ালা মাছসহ ছোট ছোট মাছ শিকার করছেন।
এতে মাছের প্রজনন বৃদ্ধি ও উৎপাদন ব্যাহত হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে দেশীয় প্রজাতির মৎস্যসম্পদ হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ মাস দেশীয় প্রজাতির মাছের প্রজনন সময়। এ সময় কই, পুঁটি, চেদুরি, ট্যাংরা, মলা, ঢেলা, ভেদাসহ বিভিন্ন জাতের মাছ ডিম ছাড়ে। সরকারের মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী, মে-সেপ্টেম্বর মাসে নদী-খালে মাছের প্রজননে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না এবং সব ধরনের মাছ ধরা নিষেধ। এ আইন লঙ্ঘন করা দণ্ডনীয় অপরাধ।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, উপজেলার মতলব-বাবুরহাট খাল (রাঢ়ির খাল), বাইশপুর-নারায়ণপুর খাল, বাইশপুর-বাবুরপাড়া খাল, নায়েরগাঁও খাল এবং ধনাগোদা নদীতে জেলেরা কয়েক শ গজ পর পর অসংখ্য ভেল জাল পেতে রেখেছেন। এসব জালে ধরা পড়ছে ডিমওয়ালা মাছ এবং অন্যান্য ছোট মাছ।
উপজেলার মোবারাকর্দী গ্রামের বাসিন্দা আলী আহাম্মদ বলেন, দিনে জাল পাতলেও জেলেরা সাধারণত রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত জাল পেতে মাছ ধরেন। সকালে এসব মাছ বাজারে বিক্রি করে।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার ধনপর্দী গ্রামের এক জেলে বলেন, ‘জানি, মা-মাছ ধরা ঠিক না; তবু ধরি। না ধরলে পইসা পামু কই, খামু কী?’ বরদিয়া এলাকার বাসিন্দা কলেজশিক্ষক কামাল হোসেন বলেন, এসব বন্ধে দ্রুত পদক্ষেপ না নিলে দেশীয় প্রজাতির মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা আক্তার দাবি করেন, গত জুলাইতে দুটি অভিযান চালিয়ে পাঁচটি ভেল জাল আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।