মতলবে মন্দিরের প্রতিমা ভাঙচুর
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি মন্দিরের রাধাকৃষ্ণের প্রতিমা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার তিতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের কয়েকজন বাসিন্দার ভাষ্য, গতকাল রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা গ্রামের দাস বাড়িতে স্থাপিত শ্রীশ্রী হরিমন্দিরের তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে মন্দিরের রাধাকৃষ্ণের প্রতিমা ভাঙচুর করে মন্দির-সংলগ্ন জমিতে ফেলে চলে যায়। আজ শুক্রবার সকালে ওই বাড়ির লোকজন দেখেন, প্রতিমা ভেঙে বাইরে ফেলে রাখা হয়েছে। তাঁরা বিষয়টি ওই মন্দিরের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাসকে জানান। তিনি ঘটনাটি পুলিশকে জানান।
লিটন চন্দ্র দাস বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এর আগে এই এলাকায় এমন ঘটনা ঘটেনি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, জিডি হওয়ার পর আজ সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।