মতলবে মা মেয়েকে কুপিয়ে জখম
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক গৃহবধূ ও তাঁর মেয়েকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার টরকি গ্রামে গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার টরকি গ্রামের সখিনা বেগম (৫০) ও তাঁর মেয়ে শাহিনুর আক্তার (২০)।
ওই গ্রামের দুই বাসিন্দা ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বলেন, বাড়ির সামনের একটি রাস্তার দখল নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আবদুল আউয়ালের সঙ্গে সখিনা বেগমের পরিবারের বিরোধ চলছিল। গত রোববার রাতে সখিনা বেগমের বাড়ি থেকে বেশ কিছু ইট চুরি হয়। এ ঘটনায় সখিনাদের সঙ্গে আউয়ালের পরিবারের মনোমালিন্য হয়।
সোমবার সন্ধ্যায় এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুল আউয়াল, তাঁর ছেলে ইমাম হোসেন ও তাঁদের পক্ষের আরও কয়েক ব্যক্তি সখিনা ও তাঁর ছেলেমেয়ের ওপর হামলা চালান। এ সময় দায়ের কোপে সখিনা ও তাঁর মেয়ে শাহিনুর আহত হন।