মতলবে সংঘর্ষে আহত ৮, আটটি দোকান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক নারীকে উত্ত্যক্ত করার জেরে দুই পক্ষের সংঘর্ষে আট ব্যক্তি আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে আটটি দোকান। লুট হয়েছে কয়েক লাখ টাকার মালামাল। গত শনিবার রাত নয়টার দিকে উপজেলা সদরের কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলা সদরের সওদাগরপাড়া এলাকার এক নারীকে মুঠোফোনে প্রায়ই উত্ত্যক্ত করতেন ওই এলাকার এক তরুণ। গত বুধবার ওই নারী বিষয়টি মীমাংসার জন্য মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ওয়াহিদুজ্জামান মৃধাকে লিখিতভাবে জানান। ঘটনাটি মীমাংসার জন্য গত শনিবার রাত নয়টায় ওই কাউন্সিলর উপজেলা সদরের কড়ইতলা এলাকায় তাঁর কার্যালয়ে ছেলে ও মেয়ে পক্ষের লোকজন নিয়ে সালিস বৈঠকে বসেন। সেখানে দুই পক্ষের লোকদের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের আটজন আহত হন। এ সময় আশপাশের আটটি দোকানসহ ওই কাউন্সিলরের কার্যালয় ভাঙচুর এবং দোকানের মালামাল লুট করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্রটি জানায়, সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন সিরাজ সরকার (৫০), বিল্লাল হোসেন (৫০), আক্তার হোসেন (৪০), শুভ (১৮), সুরুজ মিয়া (৪০), মো. সাজু (৩৫), মো. রহমান (৩০) ও মো. ফয়সাল (২০)। তাঁদের রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে ওই নারীর এক অভিভাবক বলেন, সালিসে দোষী প্রমাণিত হওয়ার ভয়ে ওই ছেলের লোকজন তাঁদের ওপর হামলা চালান। অভিযোগ অস্বীকার করে ওই ছেলের পক্ষের দুই ব্যক্তি বলেন, এটি সাজানো ঘটনা। পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা করা হয়। এ ঘটনার জন্য তাঁরা দায়ী নন।

পৌরসভার কাউন্সিলর মো. ওয়াহিদুজ্জামান মৃধা বলেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে ঘটনাটি মীমাংসার জন্য দুই পক্ষ সালিস বৈঠকে বসে। সমঝোতা না হওয়ায় দুই পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। এতে তাঁর কার্যালয়ে ভাঙচুর করা হয় এবং তাঁর একটি টেলিভিশন, ২০-২৫টি চেয়ার ও ৬৩ হাজার টাকা লুট হয়। তিনি দাবি করেন, হামলাকারীরা তাঁরসহ দোকানিদের চার-পাঁচ লাখ টাকার মালামাল লুট করে। এ ব্যাপারে শনিবার রাতেই ২০ জনের নাম উল্লেখ করে তিনি থানায় লিখিত অভিযোগকরেন।

থানার ওসি মো. কুতুব উদ্দিন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। এখনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেবেন। কাউকে আটক করা হয়নি।