মতলবে সালিস চলাকালে হামলা কৃষক নিহত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জমি নিয়ে বিরোধ নিরসনে সালিস বৈঠক চলাকালে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে উপজেলার ডুবগী গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই দিন রাতেই স্থানীয় থানায় হত্যা মামলা করেন ওই কৃষকের স্ত্রী।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই কৃষকের নাম হাফেজ আলী (৭৫)। তাঁর বাড়ি উপজেলার ডুবগী গ্রামে। ওই গ্রামে পাউবোর একটি জমিতে তিনি অনেক দিন ধরে হলুদ চাষ করছেন। একই গ্রামের শাহ আলম ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে গত বুধবার রাতে হাফেজ আলী ও তাঁর ছেলে রুহুল আমিনকে বাড়ি-সংলগ্ন রাস্তা থেকে ধরে নিয়ে মারধর করেন শাহ আলম। হাফেজ আলী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তাঁরা বিষয়টি সালিসের মাধ্যমে সুরাহা করার সিদ্ধান্ত নেন।
গত শুক্রবার বিকেল পাঁচটায় ডুবগী গ্রামের পাম্প হাউস এলাকায় সালিস বৈঠক বসে। সেখানে আলোচনা শুরুর পরেই শাহ আলম ও তাঁর লোকেরা হাফেজ আলী ও তাঁর ছেলের ওপর হামলা চালান। এতে হাফেজ আলী ও তাঁর ছেলে রুহুল আমিন আহত হন। পরে হাফেজ আলী মারা যান।