মতিঝিল আইডিয়াল স্কুলে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির তোড়জোড়
স্বাভাবিক ভর্তি শেষ হওয়ার এক মাস পর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আরও কয়েক শ অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির তোড়জোড় শুরু হয়েছে। টাকার বিনিময়ে এবং তদবিরের মাধ্যমে এসব শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে বলে কলেজের দায়িত্বশীল একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে।
অভিযোগ উঠেছে, পরিচালনা কমিটির একাধিক সদস্য এ জন্য কলেজ কর্তৃপক্ষকে নানাভাবে চাপ দিচ্ছেন।
জানতে চাইলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোকে বলেন, অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির বিষয়ে পরিচালনা কমিটি যে সিদ্ধান্ত দেবে, সেটাই করা হবে। এখানে তাঁর একার কিছু করার নেই।
বিজ্ঞাপন অনুযায়ী চলতি শিক্ষাবর্ষে তিন শাখায় (মতিঝিল, মুগদা ও বনশ্রী) প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ৪ হাজার ৩৪০টি আসন শূন্য ঘোষণা করা হয়েছিল।
কলেজের দায়িত্বশীল একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, যা মনে হচ্ছে তাতে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করতেই হবে।
২০১৩ সালেও এই স্কুলে দেড় হাজারের বেশি অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল। এর আগের বছর বিভিন্ন শ্রেণিতে ১ হাজার ৫৫০ জন অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) এক নিরীক্ষা প্রতিবেদনেই বলা হয়েছিল। এ নিয়ে তখন গণমাধ্যমে লেখালেখি ও অভিভাবকদের সমালোচনার মুখে গত দুই বছর অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হয়নি। এবার আবার এই প্রক্রিয়া শুরু হওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
শিক্ষাবর্ষ শুরুর এক মাস পর এখন ‘স্লিপের মাধ্যমে’ অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া চলছে। এর মধ্যে মূল শাখা মতিঝিলেই সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তির তোড়জোড় চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক প্রথম আলোকে বলেন, নীতিমালা অনুযায়ী নির্ধারিত আসনের বিপরীতে ভর্তির সুযোগ নেই। এখন বাড়তি শিক্ষার্থী ভর্তি করা হলে স্কুলের শিক্ষার মান আরও খারাপ হবে।
জানতে চাইলে পরিচালনা কমিটির সদস্য ও মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম আশরাফ তালুকদার প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়সহ বিভিন্ন পর্যায়ের তদবির আছে। এখন পরিচালনা কমিটি যে সিদ্ধান্ত নেবে, সেটাই হবে।