মতিঝিলে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর মতিঝিল থানা এলাকার একটি বাসা থেকে গতকাল শনিবার মিজানুর রহমান (১৯) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি এবার নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।
পুলিশ জানায়, মিজানুরের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। তিনি বন্ধুর সঙ্গে মতিঝিল এজিবি কলোনি এলাকায় একটি বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার ঢাকায় আসেন। তাঁর বন্ধু গ্রামের বাড়ি থাকায় কক্ষটি ছিল ফাঁকা। গতকাল সকালে কোনো সাড়াশব্দ না পাওয়ায় বাসার বাসিন্দারা ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় কয়েকজন মিলে দরজা ভেঙে দেখেন, গলায় বিছানার চাদর প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছেন মিজানুর।
মতিঝিল থানার এসআই রফিকুল ইসলাম বলেন, এক মেয়ের সঙ্গে সম্পর্কের অবনতির জেরে মিজানুর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
মিজানুরের বন্ধু মাহমুদুন্নবী বলেন, সিরাজগঞ্জে এলাকার একটি মেয়ের সঙ্গে মিজানুরের সম্পর্ক ছিল। গত শুক্রবার মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। এতে রাগে-অভিমানে মিজানুর আত্মহত্যা করে থাকতে পারেন।