মতিঝিলে ব্যাংকের ভেতরে কাঁচির আঘাতে নিরাপত্তাকর্মী আহত
রাজধানীর মতিঝিলে উত্তরা ব্যাংকের ভেতরে এক ব্যক্তির কাঁচির আঘাতে ওই ব্যাংকের এক আনসার সদস্য আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ বলেছে, এ ঘটনায় বাবুল ভান্ডারী (৬০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি নরওয়ের নাগরিক। দেশ থেকে আসার পর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
মতিঝিল থানার পুলিশ জানায়, গতকাল বেলা একটার দিকে বাবুল ভান্ডারী মতিঝিল থানার কাছে উত্তরা ব্যাংকের কার্যালয়ের ভেতরে ঢুকে পড়েন। এরপর ব্যাংকের ভেতরে কর্তব্যরত আনসার সদস্যকে টয়লেটের কাছে পেয়ে কাঁচি দিয়ে আঘাত করেন। আনসার সদস্য এ সময় ভয়ে টয়লেটের ভেতরে ঢুকে পড়লে বাবুল বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। ব্যাংক থেকে এ ঘটনা মতিঝিল থানায় জানানোর পর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানীর নেতৃত্বে পুলিশ ব্যাংকে আসে। তাঁরা টয়লেটের কাচের দরজা ভেঙে আনসার সদস্যকে বের করেন। এ সময় কাচের আঘাতে পুলিশ পরিদর্শক গোলাম রব্বানী ও বাবুল ভান্ডারী সামান্য আহত হন। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনা তদন্তকারী মতিঝিল থানার এসআই প্রশান্ত বালা প্রথম আলোকে বলেন, বাবুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, বিদেশ থেকে দেশে আসার পর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, বাবুল ভান্ডারীর বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ায়। মঙ্গলবার রাতে ভান্ডারী তাঁর স্ত্রীকে বাসার বাইরে থেকে তালা মেরে লাপাত্তা হন।