মতিঝিলে যুবলীগ নেতার রহস্যজনক মৃত্যু
মতিঝিলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেনের (৫২) রহস্যজনক মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় গতকাল সোমবার বিকেলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্র জানায়, জাহাঙ্গীর হোসেনের ছোট ভাই মো. আজাদের মতিঝিলের আজিজ ভবনে (সিটি সেন্টারের পেছনে) ‘আজাদ ফেব্রিকস’ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। আজাদ বিদেশ থেকে কাপড় আমদানি করে বিক্রি করেন। গুলিস্তানের ব্যবসায়ী আবদুল কাদের জিলানী (৫৫) দীর্ঘদিন থেকে আজাদের কাছ থেকে মালামাল নিতেন। আজাদের কাছে জিলানী কিছু টাকা পেতেন। এই পাওনা টাকা চাইতে এবং আরও মালামাল নিতে জিলানী তাঁর ছেলে খোরশেদ (২৬) এবং জিলানীর ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘জিলানী এন্টারপ্রাইজের’ ব্যবস্থাপক গতকাল বিকেলে আজিজ ভবনে আজাদের কাছে আছেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এরপর আজাদ বিষয়টি মুঠোফোনে তাঁর বড় ভাই জাহাঙ্গীরকে জানান। জাহাঙ্গীর সেখানে এলে দুই পক্ষের মধ্যে আবার হাতাহাতি শুরু হয়। এ সময় জাহাঙ্গীর মেঝেতে পড়ে যান। খবর পেয়ে পুলিশ এসে জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জিলানী ও খোরশেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে এক বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীর হোসেনের মৃত্যুর ঘটনায় যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে।
তবে মতিঝিল থানার ওসি ওমর ফারুক বলেন, জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা পুলিশের কাছে হত্যার অভিযোগ করেছেন। এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।