মদ পানের পর রংপুরে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মদের বিষক্রিয়ায় তাঁরা মারা গেছেন বলে জানা গেছে। সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মহিন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটেছে।
মৃত ব্যক্তিরা হলেন, আবুল কালাম আজাদ (৫৫), আনোয়ার হোসেন (৪৮) ও শাহাদৎ শাহজাহান (৪০)। তাঁরা সবাই স্থানীয় একটি হিমাগারের শ্রমিক।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনজনের মধ্যে শাহজাহান গত রোববার মধ্যরাতে বাড়িতে, আবুল কালাম আজাদ হাসপাতালে নেওয়ার পথে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর ভোরে মারা যান আনোয়ার।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, মদের বিষক্রিয়ায় আনোয়ার মারা গেছেন।
আনোয়ারের স্ত্রী তহমিনা খাতুন বলেন, তাঁর স্বামী রোববার মাঝরাতে বাড়িতে এসে বমি করতে থাকেন। পরে জানতে পারেন, পাশের বাড়ির আবুল কালামেরও একই অবস্থা। পরে তিনি তাঁর স্বামীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ভোরের দিকে তাঁর মৃত্যু হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এই তিন ব্যক্তির প্রতিদিন মদপানের বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। তারপরও বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।