মদ বিক্রিতে বাধা দেওয়ায় হামলায় আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিনামারা এলাকায় চোলাই মদ বিক্রিতে বাধা দেওয়ায় গত রোববার রাতে বৌদ্ধ সমিতির নেতাসহ চারজনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
আহত ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলা বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক পটল বড়ুয়া (৩৮), তাঁর মা বেনু বড়ুয়া (৬০), বোন কল্পনা বড়ুয়া (৩৮) ও ভাগনে ডিপলু বড়ুয়া (২০)।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, জয়ন্তী বড়ুয়া নামের এক নারী বিনামারার বড়ুয়াপাড়ায় চোলাই মদ বিক্রি করে আসছিলেন। তাঁকে মাদক বিক্রি করতে বাধা দেন বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক পটল বড়ুয়া। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা পটল বড়ুয়াসহ চারজনের ওপর হামলা চালায়।
পটল বড়ুয়া বলেন, বড়ুয়াপাড়ায় মাদক বিক্রির বিরুদ্ধে অভিযান চালাতে সম্প্রতি বৌদ্ধ সমিতির পক্ষ থেকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দেওয়া হয়।
ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখতে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।
চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, ‘বড়ুয়াপাড়ায় হামলা-সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ আমি পাইনি।’