মদনে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশনে ব্রাজিল ও আর্জেটিনার খেলা দেখা নিয়ে নেত্রকোনার মদন উপজেলায় দুই গ্রামের বাসিন্দারের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ মদন ও পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার উপজেলার নায়েকপুর ইউনিয়নে। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ সাতজনকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার নায়েকপুর ইউনিয়নের সিংহেরবাজারে টেলিভিশনে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল খেলা দেখছিলেন নায়েকপুর ও মাখনা গ্রামের কয়েকজন। একপর্যায়ে দুই পক্ষের কয়েকজন সমর্থকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে ঝগড়া হয়।
এর জের ধরে গতকাল সকাল সাড়ে আটটার দিকে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রামের কয়েক শ লোক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ অন্তত ৪০ জন আহত হন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মফিজুল ইসলাম জানান, সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের ১২টি ফাঁকা গুলি ছুড়েছে।