মদনে নিখোঁজের পরদিন বৃদ্ধের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

নেত্রকোনার মদনে নিখোঁজের এক দিন পর সিদ্দিকুর রহমান (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার গোবিন্দশ্রী এলাকার বালই নদীর পাড় থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

সিদ্দিকুর রহমান মদন পৌরসভার মাহমুদপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কৃষিকাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্দিকুর রহমান গতকাল সোমবার সকালে বাড়ি থেকে পৌর শহরের দেওয়ান বাজারে আসেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের পক্ষ থেকে রাতে তাঁর সন্ধানে এলাকায় মাইকিং করা হয়। আজ সকালে এ নিয়ে মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে বেলা তিনটার দিকে স্থানীয় ব্যক্তিরা ওই নদীর পাড়ে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা তা সিদ্দিকুরের রহমানের লাশ বলে শনাক্ত করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রমিজুল হক বলেন, নিখোঁজ সিদ্দিকুর রহমানের মরদেহ নদীর পাড় থেকে উদ্ধার করা হয়েছে। মৃত্যুর বিষয়টি পুলিশ তদন্ত করছে। তাঁর জামার পকেটে কীটনাশকের একটি খালি ছোট বোতল পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।