মদপানের কথা বলে দেওয়ায় এক শিশুর ওপর তিন তরুণের নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকার কয়েকজন বড় ভাইকে মদ পান করতে দেখে ফেলেছিল শিশু মাহাবুব আলম (১৩)। তারপর আগপিছ না ভেবে মদ্যপানকারী এক তরুণের বাবাকে বলে দেয় সে কথা। এতে ক্ষুব্ধ তরুণেরা শিশুটিকে বাগে পেয়ে পিটিয়ে সংজ্ঞাহীন করে জঙ্গলে ফেলে দেন। পরে এলাকাবাসী
তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ১ নম্বর ফুলগাছ গ্রামে গত রোববার এ ঘটনা ঘটে। মাদকসেবীদের মারধরের শিকার মাহাবুব স্থানীয় ফুলগাছ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবার নাম জমির উদ্দিন। লালমনিরহাট সদর হাসপাতালের সার্জারি বিভাগের ৩৩ নম্বর শয্যায় এখন মাহাবুব ভর্তি রয়েছে।
চিকিৎসাধীন মাহাবুব গতকাল দুপুরে বলে, ‘গত শনিবার সকালে গ্রামের বড় ভাই মাসুদ রানা (১৭), সুজন (১৮) এবং জনিকে (১৯) বিলুপ্ত মোগলহাট রেললাইনের ধারে বসে মদ খাচ্ছিল। আমি দেখে ফেলি। পরদিন গত রোববার সকালে ফুলগাছ চাপার মোড় বাজারে জনি ভাইয়ের বাবার সঙ্গে দেখা হলে সে কথা বলে দেই। পরে বিকেলে আমি দোলার (মাঠ) দিকে যাচ্ছিলাম। পথে জনি, সুজন ও মাসুদ আমাকে দেখে ডাক দেয়। তারা আমারে ফুলগাছ কমিউনিটি ক্লিনিকের পাশে নিয়েই মারধর শুরু করে। তাঁরা আমাকে কোমরের বেল্ট খুলে পেটায়। আমি মাটিতে পড়ে গেলে তারা বুকের ওপর চড়ে বসে মারতে থাকে। এক সময় গলা টিপে ধরে। তারপর আর মনে নাই।’
প্রত্যক্ষদর্শী কয়েকজন এলাকাবাসী বলেন, প্রথমে তাঁরা ভেবেছিলেন বাচ্চারা মারামারি করছে। পরে একটা ছেলেকে জঙ্গলে ফেলে দিয়ে বাকিদের ছুটে পালাতে দেখে ওঁদের ধাওয়া করে জনিসহ দুজনকে আটক করা হয়। আর সংজ্ঞাহীন অবস্থায় মাহাবুবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সূত্রটি আরও জানায়, খবর পেয়ে জনির বাবা আবদুল জলিল (৪০) লোকজন নিয়ে এসে স্থানীয় লোকজনের কাছ থেকে তাঁর ছেলে ও ছেলের বন্ধুকে ছাড়িয়ে নিয়ে যান।
মাহাবুবের বাবা জমির উদ্দিন বলেন, ‘জনিরা আমার ছেলেকে মারপিট করে সে মরে গেছে মনে করে ক্লিনিকের পাশের জঙ্গলে ফেলে দেয়।’ তিনি মাহাবুবকে মারধরে জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দাবি করেন। তিনি আরও বলেন, ‘আমাকে অভিযোগ তুলে নিতে, নয়তো আপস করতে বিভিন্ন মহল থেকে নানাভাবে লোভ ও ভয় দেখানো হচ্ছে।’
এদিকে জনি ও তার বন্ধুদের এলাকায় পাওয়া যায়নি। জনির বাবার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নবিউর রহমান বলেন, প্রচণ্ড মারধরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বাচ্চাটির অবস্থা বিস্তারিত জানা যাবে। তবে হামলার কারণে শিশুটি মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছে। বর্তমানে শিশুটির অবস্থা উন্নতির দিকে বলে জানান তিনি।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাফুজুর রহমান বলেন, পুলিশ সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে শিশুটির সঙ্গে কথা বলেছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।