মদপানের প্রতিবাদ করায় দুজনকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পঞ্চাশী গ্রামে মদ পানের প্রতিবাদ করায় গত বৃহস্পতিবার রাতে মাদকসেবীরা দুজনকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা করার পর পুলিশ গতকাল শুক্রবার দুজনকে গ্রেপ্তার করেছে।
আহত দুজন হলেন পঞ্চাশী গ্রামের ওসমান গণি (৪৮) ও তাঁর চাচা মতিউর রহমান (৪৫)। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় ওসমান গণি বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার আসামিরা হলেন লাল মিয়া (৪৮), জুয়েল মিয়া (২২), মো. রুবেল (২০), বাদশা মিয়া (৪০) ও লাল মিয়া (৫০)। তাঁদের বাড়ি পঞ্চাশী গ্রামে। পুলিশ এদের মধ্যে লাল মিয়া ও জুয়েল মিয়াকে গ্রেপ্তার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন চক্রবর্তী বলেন, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা-পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওসমান গণি ও মতিউর রহমান পঞ্চাশী বাজারে চা পান করতে যান। সেখানে লাল মিয়া ও জুয়েল মিয়া মদ পান করে ওসমান গণিকে গালিগালাজ করতে থাকেন। এর প্রতিবাদ করায় লাল মিয়া ও জুয়েল মিয়াসহ আসামিরা ওসমান গণিকে পেটাতে থাকেন। মতিউর রহমান এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।