মদসহ আটক, পালালেন ছাত্রলীগের দুই নেতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে গতকাল শনিবার রাতে ১৫০ বোতল মদসহ তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তবে আটক ব্যক্তিদের মধ্যে ছাত্রলীগের দুই নেতাকে ওই হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা ছিনিয়ে নেন।
আটক শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৈকত বাশার, পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাশেদ মাহমুদ ও ফলিত রসায়ন বিভাগের সাইফুল ইসলাম। রাশেদ মাহমুদ হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক। ছাত্রলীগের নেতা-কর্মীরা রাশেদ ও সাইফুলকে ছিনিয়ে নেন।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানান, গতকাল রাত ১০টার দিকে ফজলুল হক মুসলিম হলে পুলিশ তল্লাশি চালায়। এ সময় ২০৯ ও ৩১১ নম্বর কক্ষ থেকে ১৫০ বোতল মদ ও ১৯ হাজার নগদ টাকাসহ ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে পৌনে ১১টার দিকে পুলিশ তাঁদের নিয়ে হল থেকে বের হওয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন। তাঁরা পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তাঁরা আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার দাবিতে স্লোগান দেন।
এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা হলের সব প্রবেশপথে তালা লাগিয়ে দেন। ফটকগুলোতে ১০-১২ জন করে অবস্থান নেন। কাউকে হলে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছিল না। কয়েকজন সাংবাদিক হলে ঢুকতে চাইলে তাঁদেরও ঢুকতে দেওয়া হয়নি। পেশাগত পরিচয় দেওয়ার পরও এক সাংবাদিককে লাঞ্ছিত করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, পুলিশের তুলনায় শিক্ষার্থীরা সংখ্যায় বেশি ছিলেন। ওই সময় তাঁরা একটা গোলযোগপূর্ণ অবস্থার সৃষ্টি করে। এক পর্যায়ে হাতকড়া পরানো অবস্থায় দুজন পালিয়ে যান।
হল শাখা ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে বেশ কয়েকবার ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, যাঁরা পালিয়ে গেছেন, তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। অন্য দুজনের বিরুদ্ধেও মাদকদ্রব্য আইন, পুলিশের কাজে বাধা দেওয়া ও পালিয়ে যাওয়ার মামলা হবে।