মদ্যপ চালকের গাড়িচাপায় নারী গুরুতর আহত
মদ্যপ অবস্থায় এক ব্যবসায়ী গাড়ি চালাতে গিয়ে আছিয়া খাতুন (৫৫) নামের এক নারীকে চাপা দিয়েছেন। গুরুতর আহত আছিয়াকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে বিজেএমইএ বিশ্ববিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, গতকাল বেলা একটার দিকে ওই এলাকার হোসেন টাওয়ারের নিচতলার পার্কিংয়ে কলসিতে পানি ভরছিলেন আছিয়া খাতুন। এ সময় সেখানে রাখা নিজের গাড়ির সামনে আসেন মিজানুর রহমান (৪৫)। নেশার ঘোরে তিনি বেসামাল অবস্থায় ছিলেন। গাড়ির চালককে গালাগালি করতে থাকেন। একপর্যায়ে চালকের কাছ থেকে চাবি নিয়ে তিনি নিজেই গাড়ি চালাতে শুরু করেন। ভবন থেকে বের হওয়ার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আছিয়া খাতুনকে ধাক্কা দেয়। আছিয়া দুই পায়েই গুরুতর আঘাত পান। রক্তাক্ত অবস্থায় তিনি চিৎকার করতে থাকেন। মিজানুর গাড়ি রেখে দ্রুত পালিয়ে যান। বিজিএমইএর শিক্ষার্থীরা ছুটে এসে আছিয়া খাতুনকে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যান।
আছিয়াকে পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। হাসপাতালের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, আছিয়ার দুই পা ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) নান্নু খান বলেন, গাড়িটি থানায় রাখা হয়েছে। হোসেন টাওয়ারে মিজানুর রহমানের কয়েকটি দোকান আছে। তাঁকে আটকের চেষ্টা চলছে। আছিয়া খাতুনের স্বজনদের কেউ মামলা করতে আসেননি। তবে তাঁরা মামলা না করলেও পুলিশ আইনি ব্যবস্থা নেবে।