মদ্যপানে আরও দুজনের মৃত্যু
রাজশাহীর চারঘাট উপজেলায় মদ্যপানে অসুস্থ আরও দুজন গতকাল বুধবার মারা গেছেন। তাঁরা হলেন উপজেলার সরদহ কুঠিপাড়া গ্রামের লালন উদ্দিন ও সরদহ গৌড়শহরপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন। গতকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়াল।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, সোমবার রাতে মদ্যপানে অসুস্থ অনিলের (৭২) সঙ্গে জাহাঙ্গীর (৫০) ও লালনকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। তবে অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তিনজনকেই রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়। তাঁদের মধ্যে ওই দিন দুপুরেই অনিলের মৃত্যু হয়। তিনি আরও বলেন, তাঁরা সবাই ‘মিথাইল অ্যালকোহল’ বা ‘স্পিরিট’ পান করেছিলেন। এই পানীয় যাঁরা পান করেন, তাঁদের মুখে তেমন গন্ধ পাওয়া যায় না। শ্বাসপ্রশ্বাসের হার এবং দৃষ্টিশক্তিও কমে আসে। তাঁদেরও সেই লক্ষণ পাওয়া যায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন বলেন, হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন জাহাঙ্গীর গতকাল বেলা ১১টার দিকে এবং লালন বেলা ১১টা ৫৫ মিনিটে মারা যান। দুজনের মৃত্যুসনদে লেখা রয়েছে, মদ্যপানজনিত কারণে তাঁদের মৃত্যু হয়েছে।
এর আগে উপজেলার সরদহ কুঠিপাড়া গ্রামের মাহতাব উদ্দিন (৫৫), মুক্তারপুর গাংপাড়া গ্রামের হেলাল উদ্দিন (৫০) এবং সরদহ পুলিশ একাডেমি কলোনি এলাকার জহরলাল (৭০) ও বুদনি রানী (৬৫) মারা যান। অনিলের বাসাও সরদহ পুলিশ একাডেমির কলোনি এলাকায়।
স্থানীয় লোকজন বলেছেন, মাহতাব উদ্দিন নিজ বাড়িতে দেশি মদ বিক্রি করতেন। নিজেও পান করতেন। সোমবার সকালে মাহতাব মারা যান। তিনি মারা যাওয়ার আগে মদ্যপান করেছিলেন। কিন্তু এ কারণেই তাঁর মৃত্যু হয়েছে, তা অন্যরা বুঝতে পারেননি। ওই দিন সন্ধ্যায় তাঁর বাড়িতে বিক্রির জন্য রাখা একই মদ ওই ছয়জন পান করে অসুস্থ হয়ে পড়েন। একে একে তাঁদেরও মৃত্যু হলো।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ গতকাল দুপুরে বলেন, এ ঘটনায় রাজশাহী নগরের রাজপাড়া থানায় অপমৃত্যু মামলা হচ্ছে।