মদ্যপানের অভিযোগ তুলে টাকা আদায়ে ওসি প্রত্যাহার
খুলনার খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরকে প্রত্যাহার করে খুলনা গোয়েন্দা পুলিশে সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিকসহ তিনজনের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ তুলে টাকা আদায়ের অভিযোগ ওঠায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
২৪ নভেম্বর মাসুদ রানা মোস্তফা নামের বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগে মাসুদ বলেন, তিনি ও তাঁর দুই বন্ধু ২৩ নভেম্বর রাত ১১টার দিকে অভয়নগর থানার নোয়াপাড়া থেকে খুলনার আফিল গেইট এলাকার দিকে যাচ্ছিলেন। তখন সেখানকার টহলরত পুলিশ তাঁদের গতিরোধ করে গাড়ি তল্লাশি করে। তল্লাশি চালিয়ে কোনো অবৈধ মালামাল না পাওয়ার পরও তাঁদের খানজাহান আলী থানায় নিয়ে যাওয়া হয়। তখন থানার ওসি হুমায়ুন কবীর তাঁদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ তোলেন। ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে ৪০ হাজার টাকা দাবি করেন ওসি। তাৎক্ষণিকভাবে ওসিকে ১০ হাজার টাকা দেওয়া হয়। পরে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে বুথ থেকে টাকা তুলে আরও ১৫ হাজার টাকা দেওয়া হয়। ওসি একটি বিকাশ নম্বর দিয়ে সেখানে আরও ১৫ হাজার টাকা পাঠিয়ে দেওয়ার শর্তে তাঁদের ছেড়ে দেন।
এ অভিযোগ পাওয়ার পর ২৫ নভেম্বর কেএমপি কমিশনার নিবাস চন্দ্র মাঝি ওসি হুমায়ুনকে প্রত্যাহার করেন এবং ঘটনা তদন্ত করে দেখার জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেন।
জানতে চাইলে কেএমপি কমিশনার নিবাস চন্দ্র মাঝি প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। কিন্তু গত বৃহস্পতিবার অভিযোগকারী মাসুদ ওসির বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার জন্য আরেকটি আবেদন করেছেন। এ ব্যাপারে কেএমপি কমিশনার বলেন, ‘আবেদনের কারণে আমরা অভিযোগ তুলে নিচ্ছি না। নিয়ম অনুযায়ীই তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ করে আবার অভিযোগ তুলে নিয়ে অভিযোগকারী ভালো কাজ করেননি।’
মাসুদ রানা মোস্তফার মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। তবে মাসুদের এক পরিচিত ব্যক্তি প্রথম আলোকে বলেন, মাসুদ লন্ডন চলে গেছেন। আসলে ওসি যে কাজ করেছেন, তা মারাত্মক অন্যায়। তার পরও তাঁর চাকরিটা যেন চলে না যায়, সে কারণে মানবিক বিবেচনায় অভিযোগ প্রত্যাহারের আবেদনটি করেছিলেন মাসুদ।