মধুখালীতে আবার বাসে ডাকাতি
আবারও যাত্রীবাহী বাসে ভয়াবহ ডাকাতি। এবারও ঘটনাস্থল সেই ফরিদপুর। ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর-রাজবাড়ী এলাকায় গত শনিবার রাতে ঢাকা থেকে বেনাপোলগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্ট-ব-১৪-০৫৪৬) যাত্রীবেশী একদল ডাকাত বাসের ১৭ জন যাত্রীর টাকাপয়সা-মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে।
গ্রিনলাইন পরিবহনের ওই বাসের চালক বেনাপোল এলাকার মো. শফিয়ার রহমান (৩০) প্রথম আলোকে বলেন, ‘২৩ জন যাত্রী নিয়ে শনিবার রাত ১১টার দিকে গাবতলী থেকে বেনাপোলের উদ্দেশে বাসটি ছেড়ে আসে। রাত আড়াইটার দিকে বাসটি ফেরিতে পদ্মা পার হয়। ১০ মিনিট পর বাসটি গোয়ালন্দের মোড় এলাকায় এলে যাত্রীবেশী থেকে ছয় ডাকাত রিভলবার ও চাকুর মুখে বাসের সুপারভাজার ও তাঁর সহযোগীসহ তিনজনকে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নেয়। এরপর ডাকাতেরা তাঁদের তিনজনকে বাসের পেছনের দিকে নিয়ে বেঁধে রেখে ডাকাতি শুরু করে।
বাসের যাত্রীরা জানান, ডাকাতেরা অস্ত্রের মুখে যাত্রীদের মুঠোফোন, ল্যাপটপ, দেশীয় ও ভারতীয় মুদ্রা এবং নানা ধরনের মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। রাত সোয়া চারটার দিকে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের একটি পরিত্যক্ত ইটভাটার সামনে গাড়িটি থামিয়ে ডাকাত দল বাস থেকে নেমে যায়।
বাসটিতে কলকাতাগামী যাত্রীদের মধ্যে দুজন ভারতীয় সাংবাদিকও ছিলেন। তাঁরা হলেন, দৈনিক এই সময় পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক অমিত চক্রবর্ত্তী ও দৈনিক বর্তমান পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক দ্বীপ্তিমান মুখার্জি।
বাসের সুপারভাইজার যশোর সদর উপজেলার এরেন্ডা গ্রামের মো. আলাল হোসেন (২৩) বলেন, যাত্রীবেশী ডাকাতদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে ছিল।
মাহসড়কে টহলরত মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, ডাকাতেরা চলে যাওয়ার পর চালক বাস চালিয়ে কিছুটা এগিয়ে এসে টহল পুলিশকে জানান। এরপর তারা নওপাড়া এলাকার পরিত্যক্ত ইটভাটাসহ আশপাশের এলাকায় তল্লাশি করে কাউকে আটক করতে পারেনি।
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর-রাজবাড়ীর এ অংশে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা বেড়ে গেছে। গত ২৬ অক্টোবর দিবাগত রাতে মধুখালীর আড়ুয়াকান্দি সেতুর কাছে গাছের গুঁড়ি ফেলে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। ওই দিন ডাকাতেরা যাত্রীদের মূল্যবান মালামাল লুটে নেওয়া ছাড়াও ১০ জন যাত্রীকে কুপিয়ে আহত করা হয়। এর কয়েক দিন আগেও ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীদের অভিযোগ, বারবার একই ধরনের ঘটনা ঘটলেও পুলিশ ডাকাতি প্রতিরোধ করতে পারছে না।