মধুখালীতে রাতের বেলায় আবারও বাসে ডাকাতি
ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল শনিবার রাতে আবারও যাত্রীবাহী একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত দুইটা ৪০ মিনিটে ঢাকা থেকে যশোরের বেনাপোলগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসে যাত্রীবেশী একদল লোক এ ডাকাতি করে।
বাসটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। এর মধ্যে যাত্রীবেশী ডাকাত ছিল ছয়জন। অন্য যাত্রীরা ছিলেন কলকাতাগামী।
বাসটির চালক বেনাপোল এলাকার মো. শফিয়ার রহমান (৩০) জানান, গতকাল রাত ১১টার দিকে গাবতলী থেকে বেনাপোলের উদ্দেশে বাসটি ছেড়ে আসে। রাত আড়াইটার দিকে পদ্মা নদী পার হয়। তিনি বলেন, ‘১০ মিনিট পর বাসটি গোয়ালন্দের মোড় এলাকায় এলে যাত্রীবেশী ছয় ডাকাত রিভলবার ও চাকুর মুখে আমাকে, সুপারভাইজার ও হেলপার সোহরাবকে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর ডাকাতেরা আমাদের তিনজনকে মেরে বাসের পেছনে নিয়ে বেঁধে বাসে ডাকাতি শুরু করে।’
বাসের যাত্রীরা জানান, ডাকাতেরা অস্ত্রের মুখে যাত্রীদের মুঠোফোন, ল্যাপটপ, নগদ দেশীয় ও ভারতীয় মুদ্রা, নানা ধরনের মূল্যবান সামগ্রীসহ প্রায় পাঁচ-ছয় লাখ টাকার মালামাল নিয়ে যায়। ভোর সোয়া চারটার দিকে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের একটি পরিত্যক্ত ইটভাটার সামনে গাড়িটি থামিয়ে ডাকাত দল বাস থেকে নেমে যায়।
কলকাতাগামী যাত্রীদের মধ্যে দুজন ছিলেন ভারতীয় সাংবাদিক। এঁরা হলেন দৈনিক এই সময় পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক অমিত চক্রবর্ত্তী ও দৈনিক বর্তমান পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক দ্বীপ্তিমান মুখার্জি।
অমিত চক্রবর্ত্তী প্রথম আলোকে জানান, যাত্রীবেশী ডাকাতেরা মুঠোফোন, ল্যাপটপ, টাকা-পয়সাসহ যাত্রীদের মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। বিষয়টি মধুখালী থানায় জানানো হয়েছে।
বাসের সুপারভাইজার মো. আলাল হোসেন (২৩) প্রথম আলোকে জানান, ডাকাতদের বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে ছিল। বাস কর্তৃপক্ষ মামলা করার উদ্যোগ নিয়েছে।
ঘটনার সময় মহাসড়কে টহলরত মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, ‘ডাকাতেরা চলে যাওয়ার পর চালক বাস চালিয়ে কিছুটা এগিয়ে এলে টহল পুলিশ দলের সঙ্গে দেখা হয়। খবর শুনে আমরা নওপাড়া এলাকার পরিত্যক্ত ইটভাটাসহ আশপাশের এলাকায় তল্লাশি করে কাউকে আটক করতে পারিনি।’ তিনি বলেন, ‘ডাকাতেরা কলকাতাগামী এক যাত্রীর পাসপোর্ট নিয়ে গিয়েছিল। আমরা তাঁকে ভারতে প্রবেশের ব্যবস্থা করে দিই।’
ফরিদপুর মধুখালী থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মওদুদ হাওলাদার বলেন, যেই বাসে ডাকাতির ঘটনা ঘটেছে সেই বাসের চালক ও সুপারভাইজারকে মামলা করতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত মামলা হয়নি।
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর-রাজবাড়ীর এই অংশে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা সম্প্রতি বেড়ে গেছে। গত ২৬ অক্টোবর দিবাগত রাতে মধুখালীর আড়ুয়াকান্দি সেতুর কাছে গাছের গুঁড়ি ফেলে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। ওই দিন ডাকাতেরা যাত্রীদের মূল্যবান মালামাল লুটে নেওয়া ছাড়াও অস্ত্রের আঘাতে ১০ জন যাত্রীকে কুপিয়ে আহত করে।
আরও জানতে পড়ুন......
মহাসড়কে মধ্যরাতে বিভীষিকা
http://www.prothom-alo.com/bangladesh/article/356254/%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A7%80%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE