মধুখালীতে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
ফরিদপুরের মধুখালী পৌর বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার গলায় রশি দেওয়া বসা অবস্থায় মধুমালা বালা (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর স্বামী নিত্য মণ্ডলকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে জোয়াদ্দার মার্কেটের পেছনে একটি ছাপরাঘরের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়। মধুমালার গলায় ক্ষতচিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড এবং তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে নিত্য মণ্ডল একমাত্র ছেলেকে (২) নিয়ে পালিয়ে গেলেও পরে তাঁকে ফরিদপুর শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এলাকাবাসী ও থানার পুলিশ সূত্র জানায়, মধুখালী পৌর বাজারের জোয়াদ্দার মার্কেটের একটি ফার্মেসিতে কর্মচারী হিসেবে কাজ করেন নিত্য মণ্ডল। তিনি উপজেলার মেগচামী ইউনিয়নের শিবপুর গ্রামের নিখিল মণ্ডলের ছেলে। ছয় বছর আগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল গ্রামের মৃত রাম কমল বালার মেয়ে মধুমালা বালাকে বিয়ে করেন নিত্য। জোয়াদ্দার মার্কেটের পেছনেই একটি টিনের ছাপরাঘরে স্ত্রী ও শিশুকে নিয়ে বসবাস করতেন তিনি।
মধুমালা বালার মা সুচিত্রা বালা বলেন, বিয়ের পর থেকেই নিত্য মণ্ডল ও মধুমালার মধ্যে মনোমালিন্য চলে আসছিল। জামাই মাঝেমধ্যেই তাঁর মেয়েকে মারধর করতেন।