মধুপুর বনের ৯ কিলোমিটার, অপরাধীদের অভয়ারণ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর বনাঞ্চলের ৯ কিলোমিটার সড়ক যেন অপরাধীদের অভয়ারণ্য। বহুজাতিক কোম্পানির কর্মী রূপা খাতুনকে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যা করে এই এলাকায় ফেলে রাখা হয়। এরপর থেকে আলোচনায় এসেছে অপরাধপ্রবণ এই সড়কটি।

স্থানীয় লোকজন এই সড়কে পুলিশি টহল জোরদার এবং সন্ধ্যার পর পুলিশ প্রহরায় যানবাহন পারাপারের দাবি করেছেন।
টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার পঁচিশমাইল বাসস্ট্যান্ড থেকে রসুলপুর পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তার দুপাশে বনাঞ্চল। সড়কের এই অংশটুকুর একমাত্র টেলকি বাসস্ট্যান্ড ছাড়া রাস্তার পাশে কোনো বাড়িঘর বা লোকালয় নেই। স্থানীয় লোকজন জানান, এই নির্জন এলাকা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ছিনতাই, ডাকাতির মতো ঘটনা ঘটছে প্রায়ই। ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় ওই অঞ্চল থেকে অপরাধীরা এসে খুব সহজেই অপরাধ করে বনের ভেতরের রাস্তা দিয়ে চলে যায়। মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাও ঘটে অনেক সময়।
২০০৯ সালের জানুয়ারিতে সন্ধ্যার পর বাসে যাওয়ার সময় বাসন্তি মাংসাং নামের এক শিক্ষক ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হন। এই হত্যার প্রতিবাদে স্থানীয় লোকজন আন্দোলন শুরু করেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে পঁচিশমাইল থেকে রসুলপুর পর্যন্ত সন্ধ্যার পর যানবাহন পুলিশি প্রহরায় পারাপারের ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু প্রায় আড়াই বছর ধরে পুলিশ প্রহরায় যানবাহন পারাপার বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। তবে এ রাস্তায় সব সময় পুলিশি টহল থাকে।
পুলিশ সূত্র জানায়, গত দুই বছরে এই সড়কের আশপাশ থেকে অন্তত পাঁচটি লাশ উদ্ধার করা হয়। অপরাধীরা অন্য স্থানে হত্যা করে অথবা এই নির্জন এলাকায় এনে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। ছিনতাই-ধর্ষণের মতো ঘটনাও ঘটে প্রায়ই। গত বছরের ১ এপ্রিল ধনবাড়িতে বিনিময় পরিবহনের একটি বাসে নারী পোশাকশ্রমিককে ধর্ষণের পর এই রাস্তার কাছেই ফেলে রেখে যায় ধর্ষকেরা। গত ২৭ জুলাই এই সড়কের পাশ থেকেই তানিম (৮) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। তাকে মুক্তিপণের দাবিতে মুক্তাগাছা থেকে অপহরণ করা হয়েছিল। গত ২২ জুলাই জলছত্র বাজার থেকে দেড় লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় পুলিশ এই সড়ক থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।
মধুপুরের জয়নশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক বলেন, এখানে অনেক লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। সড়কটি যেন অপরাধীদের অভয়ারণ্য। ছিনতাই প্রায়ই ঘটে। ফলে এ রাস্তায় মানুষকে নিরাপত্তাহীনতার মধ্যে চলাচল করতে হয়।
মূলত মধুপুর থানার অরনখোলা পুলিশ ফাঁড়ির মাধ্যমে এ সড়কের নিরাপত্তা দেওয়া হয়। আগে সন্ধ্যার পর পুলিশ প্রহরায় এ সড়কের এ অংশে যানবাহন পারাপার করা হতো। কিন্তু দেড় বছর ধরে প্রহরা দিয়ে যানবাহন পারাপার করানো হয় না। তবে রাস্তায় সব সময় পুলিশি টহল থাকে। রূপার লাশ ফেলে যাওয়ার দিনও এই সড়কে পুলিশি টহল ছিল। এ প্রসঙ্গে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, পুলিশের টহল দল যে এলাকায় থাকে, শুধু সে এলাকাতেই নজরদারি করা যায়। ৫০০ মিটার দূরের খবর রাখা সম্ভব হয় না।
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম বলেন, এমন নির্জন স্থানে লাশ ফেলে রাখার ঘটনা ঘটে। আগে ডাকাতির কারণে যানবাহন পুলিশের পাহারায় চলত। এখন সে অবস্থা নেই। তবে টহল বাড়াতে ফাঁড়িতে গাড়ি দেওয়া হয়েছে।