মধুমতীতে আবার বেড়া দিয়ে মাছ শিকার

নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীতে উচ্ছেদের পর আবারও আড়াআড়ি বাঁশের দুটি বেড়া দেওয়া হয়েছে। প্রায় এক মাস ধরে এই দুটি বেড়া দিয়ে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছে।
গত ১৯ নভেম্বর জয়পুর ইউনিয়নের ধানাইড় খেয়াঘাটে দেওয়া বাঁশের বেড়া উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। পরদিন ২০ নভেম্বর এ নিয়ে প্রথম আলোয় খবর ছাপা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ধানাইড় খেয়াঘাটে নদীর বুকে আড়াআড়ি দেওয়া একটি বাঁশের বেড়া ১৯ নভেম্বর ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ করেন। সে সময় প্রায় এক হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়। লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার কুমার পালের নেতৃত্বে এটি উচ্ছেদ করা হয়। পাশাপাশি ঘটনায় জড়িত থাকার দায়ে দুজনকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, ধানাইড় খেয়াঘাটে মধুমতী নদীর মূল প্রবাহস্থলে আড়াআড়ি বাঁশের বেড়া। এর প্রায় ৭০০ ফুট পূর্বে আরেকটি বেড়া। একেকটি বেড়ার দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৮০০ ফুট।
খেয়াঘাটের বেড়া থেকে মাছ সংগ্রহ ও ব্যবস্থাপনার কাজ করছেন বিধান বিশ্বাস ও পিকুল নামের দুজন। বিধান বিশ্বাস জানান, এটির মালিক গোপালগঞ্জের কোটালীপাড়ার সিদ্ধেশ্বর রায়। ওই উচ্ছেদ অভিযানের পর আবারও সিদ্ধেশ্বর রায় এটি তৈরি করেছেন। তিনি আরও জানান, এখানে ইলিশ মাছ ধরা পড়ে। পূর্ব পাশের বেড়াটিতে মাছ ধরছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টিকেরপাড়া গ্রামের উৎপল, গৌরাঙ্গ, লিপন, লক্ষ্মীকান্তি ও সুজিত বিশ্বাসসহ ১০ জন জেলে। সুজিত বিশ্বাস জানান, এটির মালিক টিকেরপাড়া গ্রামের ধলা গুসাই। এ বেড়া থেকে ছোট বেলে মাছ ধরা হয়। দেখা গেছে, বাঁশের বেড়ার সঙ্গে আটকানো ছোট ফাঁসওয়ালা জাল পানির ওপর থেকে তলদেশের মাটি পর্যন্ত আটকানো রয়েছে। নৌযান চলাচলের জন্য বেড়ার মাঝখানে ৪০ ফুটের মতো খোলা রাখা হয়েছে। তবে সেখানেও অস্থায়ী ‘সুতি জাল’ দিয়ে ফাঁদ পাতা হয়েছে।
লোহাগড়া উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা প্রথম আলোকে বলেন, উচ্ছেদ ও সাজা দেওয়ার পর আবারও বেড়া দিয়ে তাঁরা মাছ ধরছেন। ওই বেড়ায় আটকানো জালে মা ইলিশ, জাটকা ও ছোট ছোট বেলে মাছ নির্বিচারে ধরা পড়ছে। ধ্বংস হচ্ছে মাছের বংশবিস্তার। প্রবহমান নদীতে বেড়া দেওয়া নিষিদ্ধ। এ বিষয়ে ২৪ ডিসেম্বর উপজেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় আলোচনা হয়েছে।